চকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-আদালতে মামলার হাজিরা দিয়ে বাহির হওয়ার মুহূর্তে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের অব্যাহতি দেওয়া সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরীকে ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে নবী হোছাইন চৌধুরী অপর একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে এসে এদিন নিন্ম আদালত তথা চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন।
কক্সবাজার জেলা ডিবি পুলিশ জানিয়েছে, সম্প্রতি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার আসামীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে আসামীরা।
পরে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার (ডিবি ) একটি টিম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও থানা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় আদালত এলাকা থেকে চেয়ারম্যান নবী চৌধুরীকে গ্রেফতার করে।
সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ডিবি পুলিশ কতৃক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, নবী চৌধুরীকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এসল্ট, অস্ত্র লুট, মারামারি ও হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। ##














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































